ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পানির ট্যাঙ্কির পানিতে কেঁচো পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হলের রিডিং রুমের এক শিক্ষার্থী পানি পান করতে এসে পানির মধ্যে কেঁচো পেয়েছেন। শিক্ষার্থীরা এটাকে হল প্রশাসনের উদাসীনতা ও দীর্ঘদিন ধরে ট্যাঙ্কি পরিষ্কার না করাকে দায়ী করেছেন। তাদের অভিযোগ নতুন করে নতুন করে অতিরিক্ত পাইপ লাগার কারণে কালো কালো রঙের মরিচা ও ময়লাও পাওয়া যাচ্ছে ইদানীং।
এ বিষয়ে পানি পান করতে এসে কেঁচো পাওয়া রিডিং রুমের শিক্ষার্থী কমলারঞ্জন কেষ্টা বলেন, মূলত পানির ট্যাংক দীর্ঘদিন অপরিষ্কার রাখা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গাফিলতির কারণে এই রকম হয়েছে, শুধু কেঁচো নয়, নতুন করে অতিরিক্ত পাইপ লাগার কারণে কালো কালো রঙের মরিচা ও ময়লাও পাওয়া যায় এখন।
হলের আবাসিক ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী গোলাম জাকারিয়া বলেন, সকাল বেলা ঘুম ভেঙে দেখি কেষ্ট দাদা রুমে কড়া নাড়লেন, জাকারিয়া দেখো পানিতে কি পেয়েছি, তাকিয়েই দেখি পানির মধ্যে বিশাল বড় কেঁচোসহ বেশ কিছু ছোট ছোট পোকা। অবাক দৃষ্টিতে দাদা আমার দিকে তাকিয়ে আছেন। এর আগেও এমন পোকা পাওয়া গিয়েছিল। তৎকালীন প্রভোস্ট স্যারকে বলে পানির ট্যাংক পরিষ্কার করে নিয়েছিলাম আমরা, তবে জুলাই বিপ্লবের পর নতুন প্রভোস্ট স্যারকে কয়েক দফা পানির সমস্যাসহ অন্যান্য সমস্যার কথা বললেও তিনি হলের ব্যাপারে কোনো দৃষ্টি দেননি। স্যারকে হলের বিষয়ে ফোন দিলে বলে আমাকে হলের বিষয়ে কোনো ফোন দিতে পারবে না। এছাড়া রিডিং রুমে আলো স্বল্পতার অভিযোগ দিয়ে বলে হলে পর্যাপ্ত বাজেট নেই। এসব দায় প্রভোস্ট স্যার কোনোভাবে এড়াতে পারেন না। আমরা শিক্ষার্থীরা আশা করি হলের সব সমস্যা সমাধান করবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, আমরা পানির ট্যাঙ্কি গত নভেম্বরে পরিষ্কার করেছি। এ কেঁচোগুলো সাধারণত নিচ থেকে এসেছে। কারণ পানির ভেতরে সব কিছু পরিষ্কার ছিল।