ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার (৪ নভেম্বর) সকালে উপাচার্য কার্যালয়ে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির নেতারা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিস প্রধান, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহণের পর নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় তিনি রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির আশা-আকাঙক্ষার প্রতীক। দেশের সব অর্জনের পেছনে এই বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান রয়েছে। বিশ্ব মানচিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, গুণগত শিক্ষা, মৌলিক গবেষণা, সৃজনশীল ও উদ্ভাবনী কাজের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ভাবমূর্তি, সুনাম ও মযার্দা সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা করার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এরপর নবনিযুক্ত উপাচার্য ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।