রাজধানীর মিরপুর রুটে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের নামিয়ে বাসটি ফেরার পথে এ ঘটনা ঘটে।
বিআরটিসির এই দ্বিতল বাসটি ঢাবি শিক্ষার্থীদের নিয়মিত আনা-নেওয়ার কাজে ব্যবহার হতো। তবে এ ঘটনায় হাতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনাটি নিশ্চিত করে বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন বলেন, ‘আমি শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে আসলে মানুষজন বলল যে, আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, এ সময় বাঙলা কলেজের শিক্ষার্থীরা আমাকে সহায়তা করে। কে বা কারা আগুন দিয়েছে আমি জানি না। বাসেও তখন কেউ ছিল না।’
চৈতালী কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষণ বলেন, দুপুর দেড়টার ট্রিপ শিক্ষার্থীদের নামিয়ে ডিপোতে ফিরছিল বাসটি। বাঙলা কলেজের সামনে আসলে নিজাম মামার বাসের দ্বিতীয় তলায় আগুন দেখা যায়। বাঙলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা বাসে না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমরা আগামীকাল প্রক্টর স্যারকে জিজ্ঞেস করব।’
এই প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসের ভিতরে এই আগুনের ঘটনা ঘটে। দুজন দুর্বৃত্ত যাত্রী বেশে বাসের সিটে আগুন দেওয়ার চেষ্টা করে। ড্রাইভার ও হেলপার বুঝে গেলে তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সে সময় ড্রাইভার ও হেলপার অন্যান্যদের সহযোগিতায় আগুন নেভায়। এতে কোনো শিক্ষার্থী আহত হননি। কারণ বাসটি ফাঁকা ছিল। বাসটি ইতোমধ্যে ডিপোতে চলে আসছে।