ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরে বাংলাদেশ দল। বোলিংয়ে শুরুতে দাপট দেখালেও শেষ দিকে মন খুলে রান খরজ করেছেন তাসকিন-সাকিবরা। এরপর ব্যাটিংয়েও ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। দলের বিপদের সময় বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন শামীম পাটোয়ারীও। যার ফলে সহজের ম্যাচে জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা।
তাই ম্যাচ শেষে শামীমের সমালোচনা করতে ভুল করেননি লিটন কুমার দাস। শামীমের দায়িত্বহীন ব্যাটিং যেন মানতেই পারেননি টাইগার অধিনায়ক।
লিটন বলেন, ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম যেভাবে ব্যাট করেছে, ওর ব্যাটিংয়ে আমি খুব হতাশ হয়েছি। তাকে এটা নিয়ে ভাবতে হবে। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না। কখনও কখনও দায়িত্ব নিতে হয়, নিতে হবেই।
প্রতিপক্ষের ব্যাটিংয়ে নিয়ে টাইগার অধিনায়কের ভাষ্য, প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। তখন উইকেট একটু ধীরগতির ছিল। দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে তারা চাপে পড়ে যেত। ১৯তম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম।
‘এরপর রভম্যান যে ব্যাটিং করল... ক্রিকেটে অবশ্য এমন হতেই পারে। আমাদের স্লগ ওভারে ভালো করতে হবে। পরের ম্যাচে মাথায় রাখতে হবে।’
তিনি আরও বলেন, শেষ ওভার ছাড়া বাকি সময় আমরা ভালো বল করেছি। আমাদের ক্যাচগুলো ধরতে হবে। তারা দারুণ কিছু ক্যাচ ধরেছে।
উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬৬ রানে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ২ বল হাতে থাকতে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ১৬ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্যারিবিয়ানরা।