আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬ ● ১২ ভাদ্র ১৪৩৩
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

জান্নাতুল নাঈমের নারী বিষয়ক তিনটি কবিতা

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৩

একাই বাঁচো

মনে রেখো,
যতদূর যাও তুমি রেখার মতো একা
রাতের নিঃসঙ্গ চাঁদের মতো একা
গভীর রাতের সুনসান নীরবতার মতো একা
ভোরের পথের নির্জনতার মতো একা
তুমিই তোমার আত্মীয়
তুমিই তোমার শক্তি।

মনে রেখো,

যতদূর যাও তুমি আঁধারের মতো একা
ভেসে যাওয়া বুনোহাঁসের মতো একা
দূরের মেঠোপথের মতো একা
স্রোতের দিশাহারা মাঝির মতো একা
তুমিই তোমার আপনজন
তুমিই তোমার সাহস।

হে নারী তোমার পাশে যা কিছু দেখো
সবাই আলেয়ার মতোই ঘোরে
সবাই জোনাকির মতো আসে
সবকিছু বসন্ত ঋতুর মতো আগমন করে
তোমার দুঃখের পথ তোমারই একার পথ
একাই বাঁচো।

পাথেয়

নারী তুমি অমন করে গোপনে কেঁদো না
যেন আষাঢ়-শ্রাবণকে হার মানায়
জলের বানের ছুটে যাওয়ার মতো কেঁদো না
ঝুমঝুম তালপাতার শব্দের মতো কেঁদো না
তুমি একবার আর্তচিৎকারে গগনবিদারী কান্নায় ভেসো
ওইটুকুতে খুঁজে পাবে পথের ঠিকানা।

নারী তুমি অমন করে কেঁদো না

তুমি বরং ভুবনডাঙ্গার হাসিতে মেতো
যেন মুক্তাকে হার মানায়
ভোরের শিশিরের বিন্দুকে হার মানায়
সাদা কাঠগোলাপকে হার মানায়
তুমি বরং গভীর দুঃখে পুলকিত হাসি হেসো
ওইটুকুতে খুঁজে পাবে তোমার পাথেয়।

****

শোনো নারী,
জীবনকে ধরে নাও পাথুরে পথ
রোদ্দুরে পা ঝলসে গেলে তুমি হেঁটো
জীবন তো শ্রাবণের ভারী বর্ষণ
দুঃখ পেলে বৃষ্টিতে ভিজে গোপনে কেঁদো
জীবন ঠিক উত্তাল ঢেউয়ের মতো
হাজার ঢেউ তোমাকে ভাসাতে চাইবে
তুমি শক্ত করে নিজেকে সামলাবে।

শোনো নারী,
জীবনকে ধরে নাও ভূমিকম্প
একেকবার এসে তোমার সব চুরমার করবে
আবার সব সাজিয়ে নিও
জীবনকে ধরে নাও আকস্মিক বন্যা
কত স্রোত এসে তোমার সব তলিয়ে নেবে
তুমি হারানো ক্ষত নিয়ে শুরু করবে।

হে নারী,
জীবন সাদা গোলাপের মতো সুন্দর নয়
জীবন ঠিক কাঁটামুকুটের মতো সুন্দর
কাঁটামুকুটের মতো কাঁটার মধ্যে সুন্দরভাবে বাঁচো।

মন্তব্য করুন


 

Link copied