আর্কাইভ  সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আর্কাইভ   সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬

শিরোনাম: ঢাবিতে অনলাইন ক্লাস       নিয়ম ভেঙে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ       ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান ও নির্দেশনা প্রকাশ       বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশের       ২দিন ছুটিসহ পপুলারে চাকরি      

অণু গল্প ॥ ভার্চুয়াল সুখ

রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, রাত ১১:৫৩

কি, অমন হ্যাঁ করে কী দেখছ? মুখে যে কথাটি নেই, আমায় পছন্দ হচ্ছে না বুঝি? হচ্ছে? তাহলে অমন বুদ্ধুর মতো চেয়ে আছ কেন? কিছু বল। বলবে না? কি, আমার রূপ দেখে বাকহারা হয়ে গেলে নাকি? শোন, আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। স্টিল ফোটোর চেয়ে ভিডিওতে তোমাকে দুর্দান্ত দেখাচ্ছে। হাসছ? ইস্! তোমার হাসিটা কি দারুণ! সুইট, সুইট, আমার সুইটু বেবী, উ ম্ ম্ ম্ ম্...। প্লিজ, প্লিজ, চোখ বুজো না। চোখ খোল। তোমার জন্য আরেকটা গিফট্ আছে। বলেছিলাম না, প্রথম দেখা হওয়ার দিনে দেব? আমি আজি ওটা তোমায় দিতে চাই। হাতে হাতে দিতে পারছি না, তাতে কী? ভার্চুয়ালি দেব। এই দেখ, ওয়েডিং রিং, কী সুন্দর না ডিজাইনটা? দেখি তোমার ডান হাতের অনামিকা। বাড়িয়ে ধর। ইস্! তোমার আঙ্গুলগুলোও তো দেখতে দারুণ।

এ্যাই, আমার না সত্যিই ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। নাহ্, এই ভার্চুয়াল মিটিং আর যথেষ্ট না, এবার আমরা প্রাকটিক্যালি মিট করব, কেমন? তুমি যে কী না, এতদিন খালি ফেসবুকিং করে কাটালে, কত বলে বলে আজ তোমাকে স্কাইপেতে পেলাম, এখন আবার দেখা করার কথায় মাথা নাড়ছ, কেন? এতটা অনাগ্রহ দেখালে আমার কিন্তু অপমানবোধ হয়। আমি কারও অমনোযোগ একদম সইতে পারি না, জান? কি, তুমি কিছুই বলছ না যে? আমি কি একাই বকবক করতে থাকব? 

ওর ফোলাফোলা ভাবের ওষ্ঠ অভিমানভরে আরও ফুলতে শুরু করে। আমি স্কাইপ সংযোগ বিচ্ছিন্ন করি। নাহ্, ওর সঙ্গে বাস্তবে দেখা করার সাহস আমার নেই। এমনকি আর স্কাইপেতেও নয়। আমার যে সুন্দর আঙ্গুলগুলো কীবোর্ডে ঝড় তুলে ভার্চুয়াল জগতে বন্ধু বাগাতে পারে, সে কি পারে বাস্তবে একটা ওয়েডিং রিং ভাগাতে? দুপা হারানো মূক মানুষ শুধু হাতের জোরে পৃথিবীর কতখানি সুখ ছিনিয়ে নিতে পারে?

মন্তব্য করুন


 

Link copied